সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। তবে সফরকারীদের দলে নেই উইলিয়ামসন, বোল্ট বা সাউদিরা। তারকাবিহীন এক দল নিয়েই প্রথম ওয়ানডেতে ২৬ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে কিউইরা। এমন ‘ব্যাকআপ টিম’ দেখে কি একটু হালকা করে ফেলেছিলেন টাইগাররা? দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শরিফুল ইসলামের মুখেই শোনা গেল আসল কথা।

তিনি বলেন, ‘একটা ম্যাচে আমরা হয়তো ভুল করেছি। তারাও ভালো দল। আমরাও ভালো দল। ইনশাআল্লাহ পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। এটা তো গোল বলের খেলা, যে কোনো কিছু হতেই পারে।’ কথায় যেন অ্যাডভেঞ্চারের ঝোঁক!

ওয়ানডেতে নিজের ফর্ম নিয়ে কী মনে করেন শরিফুল? তিনি বলেন, ‘সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি দলের বাইরে ছিলাম। আমি সবসময় আমার বেসিক কাজগুলো করে যেতে চেয়েছি। যখন সুযোগ আসে, আলহামদুলিল্লাহ, ভালো পারফর্ম করার চেষ্টা করি।’

একই একাদশ বারবার খেলিয়ে দেওয়া নিয়ে কি হতাশা? জবাবে শরিফুলের সুরে ছিল ইতিবাচকতা, ‘না হতাশার কিছু নেই। যারা খেলছে সবাই ভালো করছে। যারা বাইরে আছে তারাও ভালো। এটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। আমি চাইব, যতদিন খেলব ততদিন এই প্রতিযোগিতা থাকুক। যেমন মুস্তাফিজ ভাই টসের আগে চোট পেয়ে খেলতে পারেননি। আমি এসে কিছু করতে পেরেছি। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো—এমন পেসাররা দলে আর দলের বাইরেও আছে!’

 

Walton Ads