রোনালদোদের ব্যর্থতায় বরখাস্ত হলেন পর্তুগাল কোচ
কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর কোচদের চাকরি হারানো কিংবা দায়িত্ব ছাড়ার ঘটনা হয়ে পড়েছে স্বাভাবিক। মরক্কোর বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর বিদায় নিয়েছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। ব্রাজিল ও নেদারল্যান্ডসের বিদায়ের পর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিতে ও লুইস ভন হাল। এবার পর্তুগাল ম্যানেজার ফার্নান্দো সান্তোসকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল দেশটির ফুটবল ফেডারেশন।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে সান্তোসের বহিষ্কার হওয়ার খবর জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। ২০১৪ সালে পর্তুগালের কোচের দায়িত্ব নিয়ে দলকে ২০১৬ সালে ইউরো জিতিয়েছিলেন তিনি। এছাড়াও তার অধীনে ২০১৯ সালে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোনালদোকে বদলি করে আলোচনার জন্ম দেন সান্তোস। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তো রোনালদোকে প্রথম একাদশেই জায়গা দেননি এই কোচ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। কোচের সঙ্গে রোনালদোর এমন সম্পর্ককে আমলে নিয়ে কোচকে ছাটাই করে দিল ফেডারেশন।
বিএস/ওডে/সি