ফ্রান্সে নিজ ক্লাব পিএসজিতে বিশ্বকাপের শিরোপা নিতে চান মেসি

আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপার দেখা পেয়েছে। মেসির জাদুতে এবারের বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের উদ্যাপন এখনও শেষ হয়নি। সেই আনন্দ উদযাপন প্যারিসেও করতে চান লিওনেল মেসি। তবে প্যারিসের ক্লাবটি মেসিকে সে অনুমতি দেয়ার বিষয়ে নিশ্চিত নয়।

সংবাদমাধ্যম গোল ডট কম জানাচ্ছে, মেসি প্যারিসে শিরোপা নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পিএসজিতে তার সমর্থকদের সঙ্গে শিরোপা উদ্যাপনের আনন্দ ভাগাভাগি করতে চান তিনি। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার ইচ্ছার প্রতি সমর্থন দিতে পারছে না।

এর বেশ কিছু কারণও রয়েছে। একদিকে আর্জেন্টিনা যে শিরোপা জিতেছে ফ্রান্সের বিপক্ষে। লেস ব্লুজদের বিপক্ষে শিরোপা জিতে তাদের দেশের রাজধানীতে শিরোপা উঁচিয়ে ধরার অনুমতি দিলে ঝামেলায় পড়তে পারে পিএসজি। সেজন্য সিদ্ধান্তহীনতায় ভুগছে ক্লাব কর্তৃপক্ষ।

অপরদিকে একই ক্লাবে খেলা এমবাপ্পের সামনে মেসি যদি শিরোপা উঁচিয়ে ধরেন তাহলে ক্লাব ও জাতির জন্য বিষয়টি একটু ভিন্ন দেখাবে। সে কারণেই মেসিকে অনুমতি দিতে পারছে না পিএসজির ক্লাব কর্তৃপক্ষ।

এনবিএস/ওডে/সি

Walton Ads