রায়পুরের মাঠে ঢুকে পড়ল রোহিত শর্মার ক্ষুদে ভক্ত
শনিবার (২১ জানুয়ারি) ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ঘটল এই ঘটনা। এটা ছিল রায়পুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এই ম্যাচেই নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে মাঠে প্রবেশ করেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার এক বালক ভক্ত।
রায়পুরে ভারতীয় বোলারদের তাণ্ডবে গুড়িয়ে গেল নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ সিরিজ জিতলো ভারত। রায়পুরে এটি ছিলো প্রথম ম্যাচ। সেই ম্যাচেই বড় কৃতিত্ব পেল ভারত। সব ভালোর মাঝেও আচড় পরলো রায়পুরের মাঠে। ভারতীয় ইনিংসের মাঝে নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে পড়ল দর্শক। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। উঠেছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন।
নিউজিল্যান্ডের দেওয়া ১০৯ রানের লক্ষ্য তাড়ায় ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা এবং শুভমান গিল। তখন ভারতীয় ইনিংসে ৯.৪ ওভার, সেই সময়ে হঠাৎই একটি কিশোর ছেলে মাঠে ঢুকে পড়ে। এক দৌড়ে সোজা চলে যায় রোহিত শর্মার কাছে। ভারত অধিনায়ক কিছু বুঝে ওঠার আগেই সেই কিশোর রোহিত শর্মাকে জড়িয়ে ধরে।
হঠাৎ এমন ঘটনায় কিছুটা বিস্মিত হন রোহিত। এই ঘটনায় অবশ্য অপ্রীতিকর কিছু ঘটেনি। সঙ্গে সঙ্গে চলে আসেন নিরাপত্তাকর্মীরা। তারা ছেলেটিকে মাঠের বাইরে নিয়ে চলে যান। প্রিয় ক্রিকেটারকে প্রথম বার সামনে থেকে দেখে উত্তেজনা নিয়ন্ত্রণ করে পারেনি ওই কিশোর।
রোহিত নিরাপত্তারক্ষীদের বলেছেন তার বিরুদ্ধে যাতে শাস্তিমূলক পদক্ষেপ না নেয়া হয়। এই ধরনের ঘটনা সাধারণত দেখাতে চায় না সম্প্রচারকারী সংস্থা। রোহিত নিরাপত্তারক্ষীদের বলেছেন রায়পুরের নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে। অনভিজ্ঞতা এর অন্যতম কারণ হতে পারে। অবাঞ্ছিত কিছু ঘটলে প্রথম আন্তর্জাতিক ম্যাচের পরই অনিশ্চিত হয়ে পড়ত ছত্তিশগড়ের রাজধানীর ক্রিকেট ভবিষ্যৎ।
এনবিএস/ওডে/সি