পাকিস্তানে নয়, আরব আমিরাতে হবে এশিয়া কাপ

আসন্ন এশিয়া কাপের ভেন্যু নিয়ে বিতর্ক কম হয়নি। এই নিয়ে জোর ঝামেলা চলছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে।  প্রকাশ্যেই কার্যত একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন দুই বোর্ডের কর্তা ব্যক্তিরা। প্রথমে ঠিক ছিল আসন্ন এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্পষ্ট করে দেন, ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলা সম্ভব নয়। যার কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।

জয় শাহ সেই সময়ে এশিয়া কাপের আয়োজন সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে করার দাবি জানিয়েছিলেন। সূত্রের খবর, জয় শাহের দাবিটাই কার্যত বাস্তবরূপ নিচ্ছে। আসন্ন এশিয়া কাপের আসর বসবে সংযুক্ত আরব আমিরাতেই। আর মার্চেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে বিষয়টি অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু নিয়ে গত শনিবার আলোচনা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ভারতীয় বোর্ডের (বিসিসিআই) মধ্যে। বাহরাইনে পিসিবির নাজাম শেঠির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয় বিসিসিআইয়ের জয় শাহের। পূর্ব ঘোষণা অনুযায়ী এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে পাকিস্তানেই বসত এশিয়া কাপের আসর।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে মার্চের আগে কোনও ঘোষণা করা হবে না। বিরাট কোহলি, রোহিত শর্মা,শুভমন গিলদের ছাড়া টুর্নামেন্ট হলে স্পন্সররা বেরিয়ে যেতে পারতো। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসিসির এক সদস্য জানিয়েছেন, সবে মাত্র পিসিবির দায়িত্ব নিয়েছেন নাজাম। এখনই যদি সভায় ভেন্যু পরিবর্তনের কথা ঘোষণা হতো, তবে দেশে চাপের মুখে পড়তেন নাজাম শেঠি। সে কথা মাথাতে রেখেই মার্চে অফিসিয়ালি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে এসিসি। এই সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  সেটি হলো এসিসির বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ করা হয়েছে আফগানিস্তানের জন্য। যা আগে ছিল মাত্র ৬ শতাংশ।

এনবিএস/ওডে/সি

Walton Ads