মায়ের অসুস্থতায় তিন দিন ছুটি নিয়ে দেড়মাস ক্যাম্পে অনুপস্থিত আঁখি খাতুন
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার আঁখি খাতুন দীর্ঘ দেড় মাস ধরে ক্যাম্পে অনুপস্থিত। ৩১ ডিসেম্বর নারী ফুটবল লিগ শেষ হওয়ার পর বাফুফে ভবনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তিনি। তারপর মায়ের অসুস্থতার কথা বলে ৩ দিনের ছুটি নিয়ে বাড়ি চলে যান।
কবে জাতীয় দলের ক্যাম্পে কবে ফিরবেন, তা আঁখি খাতুন নিজেও জানেন না। বুধবার বিকেলে সিরাজগঞ্জের বাড়ি থেকে তিনি গনমাধ্যমকে জানিয়েছেন, মা অসুস্থ। ছুটি নিয়ে এসেছি। মা সুস্থ হলেই ক্যাম্পে যোগ দেবো। তিনদিনের ছুটি নিয়ে কেন ক্যাম্পে ফিরছেন না, সেজন্য আঁখিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
আঁখির অনুপস্থিতির বিষয়ে কিরণ বলেন, এখন তার কোনো ছুটি নেই। তিনদিনের ছুটি অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তিনদিনের কথা বলে সে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। আমরা তাকে সতর্ক করে চিঠি দিয়েছি। কেন যোগ দিচ্ছে না জানতে চেয়েছি। কিন্তু চিঠির কোনো জবাবও দেয়নি সে। নিজের মনমতো ক্যাম্পে ফিরলে তো আমরা নিতে পারবো না। আমার মনে হয় না তার ক্যাম্পে ফেরার সুযোগ আছে।
এনবিএস/ওডে/সি