কুমিল্লা চায় রেকর্ড আরো সমৃদ্ধ করতে, সিলেটের স্বপ্ন প্রথম শিরোপা
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মনোযোগ ক্রিকেটেই। প্রথম কোয়ালিফায়ার জিতেই তারা নিশ্চিত করে ফেলেছে ফাইনাল। শিরোপার লড়াইয়ের আগে তাই তারা সময় পেয়েছে তিন দিন। এই সময়ে বিশ্রাম নিয়ে, ক্লান্তি-শ্রান্তি ঝেরে ফেলে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নিয়ে তারা প্রস্তুত ফাইনালের জন্য।
তিনবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার মাঠে নামবে তারা নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করতে। সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও ফাইনাল খেলতেই পারেনি। নতুন মালিকানায় নতুন নামে নতুন ফ্র্যাঞ্চাইজির স্বপ্নযাত্রা প্রথমবারেই পৌঁছে গেছে ফাইনালে।
কুমিল্লার চতুর্থ নাকি সিলেটের প্রথম, সেই ফয়সালা হবে বৃহস্পতিবার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আয়োজনগত অনেক সমালোচনা থাকলেও বিপিএলে এবার মাঠের ক্রিকেট ভালো হয়েছে বলে টুর্নামেন্ট জুড়েই মাঠে দর্শক ছিল আগের কয়েকটি আসরের তুলনায় ঢের বেশি। ফাইনালের আগে জেমস, মাকসুদ ও ঢাকা ওয়ারফেইজের মতো জনপ্রিয় ব্যান্ডের কনসার্টও হবে হোম অব ক্রিকেট-এ। গান আর ক্রিকেটের এমন ধুন্ধুমার আয়োজন, উপচে পড়া ভীড় থাকার কথা গ্যালারিতে। ফাইনালের আগের দিন স্টেডিয়ামের চারপাশে দেখা গেছে টিকেট না পেয়ে হাহাকার।
সবশেষে আকর্ষণের মূল কেন্দ্রে থাকবে ক্রিকেটই। সেখানে এই ফাইনাল দিয়ে শেষ হবে বিপিএলের একটি ধারার। বিপিএলে তিনবার ফাইনাল খেলে আগে কখনও হারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে চারবার ফাইনালে খেলে আগে কখনও হারেননি অধিনায়ক মাশরাফি মুর্তজা।
কুমিল্লার সাফল্যের শুরুটা ছিল ২০১৫ আসরে মাশরাফির নেতৃত্বেই। পরে ২০১৯ সালে ও গত আসর জিতেছে তারা ইমরুল কায়েসের নেতৃত্বে। মাশরাফি অধিনায়ক হিসেবে কুমিল্লার আগে দুটি ট্রফি জিতেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, পরে আরেকটি জিতেছেন রংপুর রাইডার্সের হয়ে। কুমিল্লা অথবা মাশরাফি, ফাইনালে অপরাজেয় পথচলা এবার কারও থামবেই।
এনবিএস/ওডে/সি