আজ শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আন্তঃজেলা ও উপজেলার পর্ব শেষে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের লড়াই শুরু হচ্ছে আজ রোববার। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বাংলাদেশ টেলিভিশন উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। ইতোমধ্যে চূড়ান্ত পর্বের ভলিবল ও দাবা ইভেন্ট শুরু হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থাপনায় ২০১৮ সালে প্রথমবার যুব গেমসের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় দলের জন্য ভবিষ্যত খেলোয়াড় বাছাই এবং তরুণ ক্রীড়াবিদদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়াই গেমসের মূল লক্ষ্য। একই সঙ্গে তরুণ ক্রীড়াবিদদের দেশের ক্রীড়াঙ্গনে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেই বিওএ এ উদ্যোগ নেয়।
প্রতি চার বছরে একটি বাংলাদেশ গেমস ও ২০১৮ সাল থেকে যুব গেমস আয়োজন করে আসছে বিওএ। প্রথম আসরে ২১টি ডিসিপ্লিনে ৫০ হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয় আসরে ২৪টি ডিসিপ্লিনে ৬০ হাজার হাজার ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করছেন।
চূড়ান্ত পর্বে ২৪টি ডিসিপ্লিনের (তরুণ-তরুণী, একক-দলীয়) ১৯৩টি ইভেন্টে ১৯৩টি স্বর্ণ, ১৯৩টি রৌপ্য ও ২৮৭টি তাম্র পদকের জন্য প্রায় চার হাজার ক্রীড়াবিদ লড়াই করবেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র শেখ কামালের নামে যুব গেমসের এ আসরের নামকরণ করা হয়েছে। যুব গেমস সুষ্ঠ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক করে একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কো-চেয়ারম্যান হিসেবে আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিওএ সভাপতি ও সেনাবাহনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এনবিএস/ওডে/সি