১৬১৩৬ নম্বরে কল করে জানা যাবে হজের পরামর্শ
আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে এই সেবাটি বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে মন্ত্রণালয়।
উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, হজ ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখিত তারিখ হতে হজ কল সেন্টারভিত্তিক শর্ট কোড (হজ হেল্প লাইন) ‘১৬১৩৬’ উদ্বোধন করা হবে। এটি হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের একটি বড় মাইলফলক বলেও পরিপত্রে উল্লেখ করা হয়। তবে বর্তমানে এই পরিষেবাটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়য়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্যই আমরা হেল্প লাইনের মাধ্যমে সবরাহ করে থাকব। এ সেবার আওতায় রয়েছে ভিসা, নিবন্ধন প্রক্রিয়াসহ বেশ কিছু সেবা। এমনকি কারও নাম ভুল হয়ে থাকলে তা কীভাবে সংশোধন করা হবে সেটিও এর আওতায় অন্তর্ভূক্ত।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। এদিকে দুই দফা সময় বাড়ানোর পর নিব্ন্ধনের নতুন করে শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ পর্যন্ত।
এনবিএস/ওডে/সি