শনিবার ঢাকায় শুরু হচ্ছে একাদশ যাকাত ফেয়ার

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে ১১ ও ১২ মার্চ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে একাদশ যাকাত ফেয়ার। ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে-এ অবস্থিত আলোকি কমিউনিটি সেন্টারে একাদশ বারের মত ২ দিনব্যাপী যাকাত ফেয়ার ২০২৩ শুরু হচ্ছে। ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এ ফেয়ারের উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ট পর্যন্ত এ মেলা চলবে।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিমআফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম ষ্টিলসহ দেশের বিভিন্ন সনামধন্য প্রতিষ্ঠান। বিভিন্ন যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

গতকাল বৃহস্পতিবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার আয়োজনের ঘোষণা দেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব  এ এম এম নাসির উদ্দিন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিমআফরোজ গ্রুপের ডিরেক্টর  নিয়াজ রহিম, সাবেক সচিব আরাস্তু খান ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন ।

সংবাদ সম্মেলনে এ এম এম নাসির উদ্দিন বলেন, “ যাকাতের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ধারনাকে জনপ্রিয় করতে যাকাত ফেয়ারের আয়োজন করা হয়”। তিনি দেশের সুধীজন এবং বিত্তশালীসহ সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপনসহ ব্যবসায় জাকাত নির্ণয় (ক্যালকুলেশন) পদ্ধতিসহ বিস্তারিত জানতে ফেয়ার পরিদর্শন করার আহবান জানান।  এবারের যাকাত ফেয়ার চলাকালীন মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে।

‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও যাকাতের ভূমিকা’ শীর্ষক উদ্বোধনী সেমিনার অনুষ্ঠিত হবে সকাল ১১টায়। বেলা ৩টায় অনুষ্ঠিত হবে মহিলাদের জন্য ‘সমাজে সালাত ও যাকাত প্রতিষ্ঠায় নারীর ভূমিকা’ শীর্ষক সেমিনার ও প্রশ্নত্তোর বিশেষ অনুষ্ঠান থাকবে।

একই সময় আলাদা হলে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যতের যাকাত শুভেচ্ছা দূত’ শীর্ষক প্রাক্তন জিনিয়াস স্কলারদের মিলনমেলা। এছাড়া স্কুল, মাদ্রাসা এবং জিনিয়াস বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। ফেয়ারের দ্বিতীয় দিন সকালে খতীব ও ইমামদের জন্য ‘যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে এবং বিকেলে ‘কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা: যাকাত ও সিএসআর তহবিলের সমন্বয়সাধন’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারের সাবেক সচিব  আরাস্তু খানের সঞ্চালনায় উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ। এছাড়াও এতে দেশের বিশিষ্ট চিন্তাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ অংশ নিবেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মাদ আব্দুর রউফ, সাবেক মন্ত্রী লে: জে: (অব:) এম নুরুদ্দীন খান, বাংলাদেশ সরকারের সাবেক সচিব  আরাস্তু খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ইসলামি ব্যাংক’স কনসালটেটিভ ফোরামের ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজর বুলবুলসহ সমাজের আরও অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ যাকাত ফেয়ারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads