শুক্রবার থেকে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পরে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ইজতেমার ময়দানের প্রস্তুতি সম্পন্ন। দেশ-বিদেশে মাওলানা সাদ কান্ধলভী অনুসারী মুসুল্লিরা ইজতেমার ময়দানে আসছে। ইজতেমার ময়দানের প্রায় পূর্ণ। ইজতেমার দ্বিতীয় পর্বে মুসল্লিদের জন্য ৮৫টি খিত্তায় ভাগ করা হয়েছে। জিকির আশকারের মধ্য দিয়ে সময় পার করছেন মুসল্লিরা।
এদিকে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে টঙ্গী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে বনানী, বিমানবন্দর, উত্তরা ও টঙ্গী এলাকায় যাতায়াত করা যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয় তাদের। এছাড়া ইজতেমায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিñদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ট্রাফিক পুলিশ জানায়, শুক্রবার থেকে তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এজন্য দেশ-বিদেশের মুসল্লিরা দলে দলে তুরাগ তীরে যাচ্ছেন। ফলে যানজট সৃষ্টি হয়। ইজতেমা চলাকালে উত্তরা ও টঙ্গী এলাকায় যান চলাচল এমনিতেই সীমিত থাকবে।
সিরাজগঞ্জ থেকে ইজতেমায় আসা আতিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে তিনিসহ আরও কয়েকজন ইজতেমা ময়দানে আসেন। আগে আসার কারণে ময়দানে জায়গা পেয়েছেন। অনেকের আবার বুধবার থেকেই ময়দানে অবস্থান করছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইজতেমায় এসেছেন। ইবাদত করেই সময় পার করছেন তারা।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম জানান, দেশ-বিদেশের মুসলিমের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। দিনরাত ইবাদত ও জিকির আশকারে সময় পার করছেন মুসল্লিরা।
এনবিএস/ওডে/সি