তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু, পরিপূর্ণ ময়দান

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর থেকে মাওলানা আব্দুস সাত্তারের জিম্মাদারিতে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মূল ইজতেমার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন নিরাপত্তাবলয়।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলা ছাড়াও বিদেশি মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়ে যার যার খিত্তায় অবস্থান নিয়েছেন। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত থেকেই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বিশেষ করে বিপুল সংখ্যক বিদেশি মুসল্লি বুধবার রাত থেকে ময়দানে এসে অবস্থান নেন। এবারের ইজতেমায় বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বিশ্ব ইজতেমার গাজীপুর জেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৫৪ দেশের প্রায় ৪ হাজার বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। শুক্রবার ইজতেমা ময়দানে বৃহত্তর জুমার নামাজ আদায় করা হবে। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন।

ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়দানে এসে পৌঁছান আদি তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সা’দ কন্ধলভীর ছেলে মাওলানা ইউসুফ কন্ধলভী, মাওলানা সাঈদ কন্ধলভী, মাওলানা ইলিয়াস কন্ধলভী এবং তার মেয়ের জামাতা মাওলানা হাসান। তাবলিগের সাথীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সা’দপন্থিদের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শুক্রবার বাদ ফজর আমবয়ান দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার আমবয়ান করবেন পাকিস্তান থেকে আগত মাওলানা উসমান এবং তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম। সকাল ১০টায় তালিম থাকার কথা রয়েছে নিজাম উদ্দিন মারকাজের মাওলানা ইউসুফ এবং তার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এরপর জুম্মার নামাজ পড়াবেন দিল্লির মাওলানা সা’দ কন্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কন্ধলভী। পরে বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম, আসর বাদ নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সা’দ বয়ান করবেন এবং তার তরজমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। মাগরিব বাদ মাওলানা ইউসুফ বিন সা’দ এবং তা বাংলায় তরজমা করবেন সাওলানা ইউসুফ।

বিশ্ব ইজতেমাকে ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যানবাহন পার্কিংয়ের জন্য নিম্নোক্ত স্থানসমূহ নির্ধারণ করেছেন

খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

ইজতেমায় আসা মুসল্লিদের যানবাহনগুলো নিম্নবর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করতে হবে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং: ১৬নং সেক্টর এলাকাধীন বিজিএমইএ ভবন, ১০নং, ১১নং ৫নং ব্রিজের ঢালে।

সিলেট বিভাগ পার্কিং: উত্তরা ১৫নং সেক্টর ২নং ব্রিজের ঢাল থেকে উলোদাহা মাঠ পর্যন্ত।

খুলনা বিভাগ পার্কিং: উত্তরা ১৭ এবং ১৮নং সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ)।

 রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

 বরিশাল বিভাগ পার্কিং: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

চ) ঢাকা মহানগরী পার্কিং: ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক-হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

এনবিএস/ওডে/সি

Walton Ads