আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। শনিবার ১৮ ফেব্রুয়ারি রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কিংবা ইসলাম ধর্মের অনুসারীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগীর মধ্যদিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবে।

মহিমান্বিত লাইলাতুল মেরাজ একটি পবিত্র রজনী। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সাঃ) নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। তখন তিনি আল্লাহর দিদার লাভ করেন। অবলোকন করেন সৃষ্টি জগতের সবকিছুর অপার রহস্য। উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে ৫ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)।এই নামাজ মুমিনের মেরাজস্বরূপ। কারণ এই মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়।

সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, পবিত্র শব-ই-মিরাজ উদ্যাপন উপলক্ষ্যে আজ দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’র গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম।

এনবিএস/ওডে/সি

Walton Ads