ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরুটা মন মতো না হলেও খুব দ্রুতই খারাপ সময় কাটিয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি। দলের প্রধান কোচ পেপ গার্দিওলা পরিষ্কার জানিয়েছেন, তার দলের শিরোপা জেতার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং, তিনি শিরোপা পুনরুদ্ধার করার বিষয়ে খুবই আত্মবিশ্বাসী।
আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামার আগে ফুটবল বিশেষজ্ঞদের মৌসুমের শুরুর দিকের আলোচনা নিয়ে একরকম ব্যঙ্গ করেছেন গার্দিওলা। তিনি বলেন, “প্রথম দুই-তিনটি ম্যাচ খেলার পরই সবাই বলা শুরু করেছিল—আমরা নাকি শেষ। এখন মনে হচ্ছে, লিভারপুল শেষ হয়ে গেছে, যারা টানা তিন ম্যাচে হেরেছে। কিন্তু আমি বলছি, আমরা অবশ্যই ফিরে আসব।
আমি আগেও বহুবার বলেছি, বিশেষজ্ঞরা, প্রাক্তন ফুটবলাররা পাঁচটা ম্যাচ দেখেই বলে দিতে পারে ভবিষ্যতে কী ঘটবে। তবে আমি কিন্তু সত্যিটা জানি না।”
টানা চারটি লিগ শিরোপা জেতার পর গত মৌসুমে ম্যান সিটি তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। এই মৌসুমে ৮ ম্যাচ শেষে তারা শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। সিটি কোচের মতে, মৌসুম যত এগোবে, শিরোপা লড়াইয়ের আসল চিত্র তত স্পষ্ট হবে।
গার্দিওলা বলেন, “১০-১৫টি ম্যাচ পার হওয়ার পরই বোঝা যাবে, লিগে কী চলছে। লিভারপুল ও আর্সেনাল তো আছেই, আরও কিছু দল থাকবে, আশা করি আমরাও লড়াইয়ে টিকে থাকব।”
দলের চোট পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে গার্দিওলা জানান, ইনজুরির তালিকায় কোনো পরিবর্তন আসেনি। ভিয়ারিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে যারা ছিলেন না, তারা এখনও মাঠে ফেরার মতো অবস্থায় নেই। এদের মধ্যে রয়েছেন ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি। অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
এছাড়া, ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে পায়ের চোটে পড়া নিকো গনসালেসকে অ্যাস্টন ভিলার বিপক্ষে পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা আছে।
এই স্প্যানিশ মিডফিল্ডারের বিষয়ে গার্দিওলা বলেন, “আমি এখনও ডাক্তারদের সঙ্গে কথা বলিনি। আজ এবং আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে। তার পায়ে কিছুটা সমস্যা হয়েছে।”