কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠান। ‘ইতিহাস ও ঐতিহ্য’ আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতিজন, শিক্ষাবিদ, কূটনীতিক ও শতাধিক শিক্ষার্থী।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পাওয়ান বঢ়ে।
শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহমেদ রেজা। স্বাগত বক্তব্য দেন ইতিহাস গবেষক আশরাফুল ইসলাম।
ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নৃত্যগুরু শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদের পরিচালনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা রবীন্দ্রনাথ ও নজরুলের ১৪টি জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
এছাড়া ১৩টি বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর আঁকা দুই কবির প্রতিকৃতি প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে ক্ষুদে শিল্পীদের হাতে স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়।
রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, সঙ্গীত ও মানবতার চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আয়োজনটি হয়ে ওঠে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।
