ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন ব্যবসায় হামলার ঘটনা ঘটেছে কানাডায়। তাঁর নামে খোলা 'Caps Café'-এ উদ্বোধনের মাত্র তিন দিন পরই ঘটে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা। স্থানীয় সময় ৯ জুলাই ভোরে ক্যাফেটি খুলতেই একটি গাড়ি করে আসা কিছু দুষ্কৃতকারী একাধিক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির জানালা থেকে হামলাকারীরা গুলি চালাচ্ছে। এ দৃশ্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি হামলাকারীরাই পরিকল্পিতভাবে করেছে।
এই ঘটনায় কোনো হতাহত না হলেও, স্থানীয় পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত শুরু করেছে। হামলার দায় স্বীকার করেছেন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য হরজিৎ সিং লাড্ডি। এক বিবৃতিতে তিনি দাবি করেন, কপিল শর্মার কিছু "আপত্তিকর মন্তব্যের" জবাবে সতর্ক করতেই এই হামলা চালানো হয়েছে।
লাড্ডির বিরুদ্ধে ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গার হত্যার অভিযোগ রয়েছে। তিনি ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
এদিকে কপিলের স্ত্রী গিন্নি ছত্রথ ক্যাফেটির দেখভাল করছিলেন, তবে ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। হামলার পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ঘটনা শুধুই কপিলকে নয়, বরং প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিয়েছে। কানাডায় সাম্প্রতিক সময়ে খালিস্তানপন্থী গোষ্ঠীর সক্রিয়তা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল, এবার তা আরও বাড়ল বলেই মত বিশ্লেষকদের।
