তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরাইল ও কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজিকে সিরিয়ায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ও প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুরহাফ আবু কাসরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ফিদান বলেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে সিরিয়াকে অস্থিতিশীল করছে এবং তাদের সম্প্রসারণবাদী নীতির শিকারে পরিণত করেছে। তিনি স্পষ্ট করে বলেন, "প্রতিবেশীদের নিরাপত্তা নষ্ট করে ইসরাইল নিজের নিরাপত্তা পাবে না। বরং প্রথমে আশেপাশের দেশগুলোর সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
ওয়াইপিজি নিয়েও কঠোর ভাষায় সতর্ক করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "ওয়াইপিজিকে অবশ্যই উত্তর সিরিয়ায় বিভাজন ও আধিপত্য বিস্তার বন্ধ করতে হবে। তাদের উচিত সময় নষ্ট না করে জাতীয় কাঠামোর সঙ্গে একীভূত হওয়া।" তিনি আরও যোগ করেন, তুরস্ক কোনো দখলদারিত্ব চায় না, তবে নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
এই বৈঠকে সিরিয়ার গোয়েন্দা প্রধান হুসেইন সালামেহও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, তুরস্ক সিরিয়ার রাজনৈতিক ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা সমর্থন করবে এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে।
এদিকে, প্রতিবেদনে আরও জানানো হয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েইদা প্রদেশে দ্রুজ গোষ্ঠী ও বেদুইন উপজাতিদের মধ্যে সংঘাতে ইসরাইলি সামরিক হস্তক্ষেপে অন্তত ১০০ জন নিহত হয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা এখনও চরম পর্যায়ে রয়েছে।
ওয়াইপিজি কারা?
ওয়াইপিজি হলো মার্কিন-সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠী, যারা সিরিয়ার গৃহযুদ্ধের সময় উত্তর সিরিয়ার তেলসমৃদ্ধ এলাকা দখল করে নিয়েছিল। আইএস (দায়েশ) বিরোধী অভিযানের নামে তারা যুক্তরাষ্ট্র থেকে বিপুল সামরিক ও আর্থিক সহায়তা পেয়েছে।
