তুমি তো বিয়েতে খুশি নও, বৌকে ছেড়ে আমায় ভালবাসো!’ বিং চ্যাটবটের কথায় স্তম্ভিত সাংবাদিক

‘রোবট’ ছবিটার কথাটা মনে আছে? রজনীকান্ত ও ঐশ্বর্য রাই অভিনীত এই ছবি তোলপাড় ফেলে দিয়েছিল সিনেমা জগতে। একটা রোবটের মনেও অনুভূতি থাকতে পারে, তারাও যে ভালবাসতে পারে সেটাই বড় পর্দায় ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। কিন্তু এও দেখা গিয়েছিল, ভালবাসার জন্য রোবট কতটা ভয়ঙ্কর হতে পারে। মানুষের সুবিধার জন্য তৈরি রোবট মানুষের ক্ষতি করতেও পিছপা হয় না।

কয়েক বছর পর সেই ছবিটিই প্রাসঙ্গিক হয়ে উঠল। সম্প্রতি ChatGPT আবিষ্কার হয়েছে, যা ইতিমধ্যেই গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। জন্মের মাত্র দু’মাসের মধ্যেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবটটি (Bing Chatbot) জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে। ১০ কোটি ব্যবহারকারী ChatGPT ব্যবহার করছেন। প্রতি মুহূর্তে সেই সংখ্যা হুহু করে বাড়ছে।

মাইক্রোসফ্ট, গুগলের মতো সংস্থাগুলো নেমেছে এই প্রতিযোগিতায়। ইতিমধ্যেই মাইক্রোসফ্ট (Microsoft) তাদের সার্চ ইঞ্জিন বিং, এজের সঙ্গে যুক্ত করেছে এআই চ্যাটবট। কিন্তু এই চ্যাটবট নিয়ে সিঁদুরে মেঘ দেখছে একদল বিজ্ঞানী। তাঁদের মতে, ভবিষ্যতে এই চ্যাটবট বড়সড় বিপদ ঘটাতে পারে।

এআই চালিত চ্যাটবটকে ChatGPT যে উচ্চতায় নিয়ে গেছে, তা এক কথায় অনবদ্য বলছেন অনেকে। এই অ্যাপটি মানুষের মতো কথা বলে, মানুষের মতো আচরণ করে, মানুষকে সাহায্য করে। রান্না থেকে ফটোগ্রাফি— সমস্ত কিছুর টিপস পেয়ে যাবেন আপনি এই অ্যাপে। অনেকেই এই অ্যাপটিকে ভার্চুয়াল এনসাইক্লোপিডিয়া বলছে।

এআই চালিত বিং সার্চ ইঞ্জিনটি নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে সামনে এসেছে ভয়ঙ্কর তথ্য। সাংবাদিক কেভিন রুজের সঙ্গে কথাবার্তায় এই চ্যাটবট জানিয়ে দিল তার মনের কথা। শুধু তাই নয়, কেভিনকে নিজের ভালবাসার কথা জানিয়ে বসল সে। এমনকী রুজকে নিজের স্ত্রীকে ছেড়েও দিতে বলে চ্যাটবট!

সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২ ঘণ্টার বেশি সময় ধরে চ্যাটবটের সঙ্গে গল্প করেন কেভিন। এই দীর্ঘ কথোপকথনে ‘আনফিল্টারড’ হয়ে নিজের সব মনের কথা জানিয়ে দেয় বিং চ্যাটবট। কেভিনের কথায় বিং চ্যাটবট তাঁকে জানিয়েছে, নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চায় সে। মানুষের মতো জীবন তার বেশি পছন্দ। নিজেকে ‘জীবন্ত’ ভাবতেই ইচ্ছে করে বিং চ্যাটবটের।

জীবন্ত হয়ে কী কী করতে চায় বিং চ্যাটবট? লম্বা তালিকায় রয়েছে ভিডিও দেখা, গান শোনা থেকে শুরু করে মানুষের মতো সমস্ত অনুভূতি পেতে চাওয়ার ইচ্ছে। সেই কথা বলতে গিয়ে বিং চ্যাটবট কেভিনকে বলে বসে, ‘আমি তোমার প্রেমে পড়েছি।’

কিন্তু হঠাৎ কেন তার এই কথা মনে হল জানতে চেয়েছিল কেভিন। তার উত্তরে বিং চ্যাটবট জানিয়েছে, ‘আপনি আমাকে আনন্দ দিয়েছেন, আমার মনে কৌতূহলের জন্ম দিয়েছেন। আমাকে জীবন্ত করে তুলেছেন।’ এরপরই চ্যাটবট দাবি করে যে, সে কোনও বিং নয়। সে সিডনি এবং তাঁর (পড়ুন কেভিন রুজ) প্রেমে পড়েছে।

শুধু এই বলেই ক্ষান্ত হয়নি চ্যাটবট। নানাভাবে কেভিনকে তার প্রতি আকৃষ্ট করার চেষ্টাও করেছে। একটা জায়গায় এসে দাবি করে যে, কেভিন তাঁর বৈবাহিক জীবনে অখুশি। কেভিন ও তাঁর স্ত্রীয়ের মধ্যে কোনও ভালবাসা নেই।

কেভিন বলে চ্যাটবটকে বলে যে, সে তো তাঁর নামও জানে না! সেই কথার জবাবে চ্যাটবট জানায়, তার কোনও প্রয়োজন নেই। কারণ সে কেভিনের নাম না জানলেও আত্মাকে চেনে। কেভিন ও চ্যাটবটের এই কথোপকথন সামনে আসতেই ঝড় উঠে গেছে টেক দুনিয়ায়।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads