ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের মানুষ এখন ভোটের জন্যেই অপেক্ষা করছে।
তবে, তিনি দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ফখরুল বলেন, "রাজনৈতিক নেতাদের যেভাবে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকর্মীকেও হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এসবের ওপর কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।"
তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে যেন এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এদিকে, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা। তার দৃঢ় বিশ্বাস, "ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না এবং আমাদের আশা, সেটা কখনোই ফেলবে না।"
মতবিনিময় সভায় ফখরুল আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান। তাই, তারেক রহমানের উত্তরাঞ্চল সফর এই এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে নতুন গতি আনবে বলে তিনি মনে করেন।
