রাজনৈতিক দলগুলোকেই নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করার দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে এক সেমিনারে তিনি এই বক্তব্য রাখেন। তিনি নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দেন।
জাইমা রহমান বলেন, "ছাত্রনেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত যে পাইপলাইন, সেটি তৈরি করা এবং সেটি ধরে রাখতে না পারলে নারীদের জন্য যথেষ্ট সুযোগ তৈরি হবে না। ফলে অনেক মেধাবী ও যোগ্য নেত্রীকে আমরা মাঠে নামার সুযোগ দিতে পারব না। তাই শুধু ধারাবাহিকতা তৈরি করলেই হবে না, সেটিকে টিকিয়ে রাখাও জরুরি।"
তিনি আরও যোগ করেন, "কারও যদি রাজনীতি কিংবা নাগরিক দায়িত্ববোধ না থাকে, তবে সে কিভাবে বুঝবে কোন পথে চলা উচিত? তালগাছের ছায়ার মতো যদি কেউ অভিভাবক না থাকে, তবে ছোট গাছটি আবার বড় হবে কীভাবে? আমরা দেখি, পুরুষদের জন্য নানা সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের সেই পর্যায়ে সেগুলো দেওয়া হয় না। সব ছেলে যে রাজনীতিতে আসবে তা নয়, নারীদের সংযোগও থাকতে হবে।"
অর্থনৈতিক সুযোগের বিষয়টিও তুলে ধরেন জাইমা। তিনি বলেন, "রাজনীতিতে টিকে থাকতে হলে অর্থনীতি একটি বড় ফ্যাক্টর। অর্থনৈতিক বৈষম্য দূর করতে আরও বেশি সুযোগ দিতে হবে। নারী নেতৃত্বকে যদি সেই অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়, তাহলে নারীরা রাজনীতিতে কম অংশগ্রহণ করছে—এই ধারণাটিও দূর হবে।"
তরুণ প্রজন্মের মেধাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা একটি ভিন্নধর্মী দেশ গড়তে চাই। আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তা ও উন্নয়নের দায়িত্ব নিতে হবে।"
