বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

দেশজুড়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার বার্তা দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজের দপ্তরে ঢুকেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন তিনি। একই সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) তাপমাত্রাও কমিয়ে দেন। শুধু তাই নয়, দেশের সব মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সচিবালয়ে গিয়ে এ পদক্ষেপ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। অফিসে ঢুকেই তিনি কক্ষের ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নামিয়ে আনেন। এই তাপমাত্রায় বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে কম হয়।

এতেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেই তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনেই প্রধানমন্ত্রীর দপ্তর অবস্থিত। এই ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ কাজ করে থাকে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরপরই তার দপ্তরের সব কক্ষে অর্ধেক লাইট বন্ধ করে দেওয়া হয় এবং এসির তাপমাত্রা কমিয়ে আনা হয়।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয় ছাড়াও সারা দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন।

এছাড়া দিনের বেলা অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে জানালার পর্দা সরিয়ে সূর্যের প্রাকৃতিক আলো ব্যবহার করার পরামর্শও দিয়েছেন প্রধানমন্ত্রী। তার মতে, ছোট ছোট উদ্যোগই বড় পরিসরে বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

news