জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। বুধবার (৪ মার্চ) তিনি নিজের পাশাপাশি বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট প্রকাশ করেন।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
স্বচ্ছতা দেখাতেই পরিবারের হিসাবও প্রকাশ
এই ঘটনার পর তার রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।
পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, এদিন কেবল আসিফ মাহমুদকেই তলব করা হয়েছিল। কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও প্রকাশ করেছেন।
‘সেফ এক্সিট’ নিয়ে অপপ্রচার হয়েছিল
হাসনাত আব্দুল্লাহ আরও উল্লেখ করেন, সরকার পরিবর্তনের পর তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছিল।
তার ভাষায়, ‘সরকার পরিবর্তনের পর বলা হয়েছিল তারা নাকি সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা আইন মেনে নিজের ও পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।’
দুর্নীতির অভিযোগকে বললেন ‘মিডিয়া ট্রায়াল’
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলো আসলে মিথ্যা অপপ্রচার এবং এক ধরনের ‘মিডিয়া ট্রায়াল’।
তার মতে, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এই অভিযোগগুলো শুধু অভিযোগ হিসেবেই থেকে যাবে, কারণ এগুলোর কোনো বাস্তব প্রমাণ পাওয়া যাবে না।
এদিকে ব্যাংক হিসাব প্রকাশের এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে রাজনীতিতে স্বচ্ছতার একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখছেন।
