রাজধানীর এক মসজিদে জুমার নামাজ শেষে এক ভিন্নরকম মুহূর্তের সাক্ষী থাকলেন উপস্থিত মুসল্লিরা। শিশুদের সরল প্রশ্নে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান—“আপনি রোজা রাখেন?”

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে তিনি কিছু সময় শিশুদের সঙ্গে কথা বলেন, হাত মেলান এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় এক শিশু হঠাৎ করেই প্রশ্ন ছুঁড়ে দেয়, “আপনি রোজা রাখেন?” প্রশ্ন শুনে হাসিমুখেই জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি তো রোজা রাখি।”

আরেক শিশু তখন বলে ওঠে, “আঙ্কেল, আমি সব রোজা রাখি।” শিশুটির এমন কথায় আপ্লুত হন প্রধানমন্ত্রী। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, “ভেরি গুড।”

পুরো ঘটনাটি ছিল স্বতঃস্ফূর্ত ও মানবিক এক মুহূর্ত। শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে আন্তরিকভাবে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এসে বেশ আনন্দিত ছিল।

রাজনীতির ব্যস্ত সময়সূচির মধ্যেও এমন ছোট ছোট মুহূর্তই অনেক সময় মানুষের মনে আলাদা ছাপ ফেলে। শুক্রবারের এই ঘটনাও তেমনই এক উষ্ণ দৃশ্য হয়ে থাকল উপস্থিত সবার স্মৃতিতে।

 

news