খেলার শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া দাপট দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই তিনবার জালে বল পাঠিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে বিদায় করেছে পেপ গুয়ার্দিওলার দল। বিরতির পর নিউক্যাসল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিশেষ কিছু করতে পারেনি।
সেমি-ফাইনালের ফিরতি লেগে ৩-১ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে ফাইনালে উঠেছে সিটি।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ওমার মার্মৌশের জোড়া গোলের পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান টিজান রেইন্ডার্স। বিরতির পর নিউক্যাসলের হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
২০২১ সালে অষ্টম শিরোপা জয়ের পর এই প্রথম লিগ কাপের ফাইনালে উঠল সিটি। আগামী ২২ মার্চ ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে গুয়ার্দিওলার দল মুখোমুখি হবে আর্সেনালের।
ঘরের মাঠে ৭ মিনিটেই এগিয়ে যায় সিটি। সতীর্থের পাস নিয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে বল পাঠান মার্মৌশ।
২৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মিশরীয় ফরোয়ার্ড। বাঁ দিক থেকে অ্যান্টোয়ান সেমেনিওর ক্রস ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার ক্লিয়ার করতে ব্যর্থ হলে হেডে জালে পাঠান মার্মৌশ।
৩২তম মিনিটে বক্সের ভেতর থেকে নিচু শটে গোল করে স্কোর ৩-০ করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। তখন দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে সিটি।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। ডান দিক দিয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে গোল করেন তিনি। পরে আরও কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।
