শনিবার (২১ ফেব্রুয়ারি) থেকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট শুরু হয়ে গেলেও আসল উত্তেজনা রোববার। সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। কিন্তু যে মাঠে খেলা হবে, সেই অহমদাবাদে প্রোটিয়ারা ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে। আর ভারত সেখানে খেলেছে মাত্র একটি। এই অহমদাবাদের সঙ্গে বেশি পরিচিত থাকার কারণেই রোববার দক্ষিণ আফ্রিকা একটু এগিয়ে থেকে নামবে বলে মনে করছেন পেসার করবিন বশ।
তিনি বলেন, “অহমদাবাদে বেশ কয়েকটা ম্যাচ খেলতে পেরে আমরা সত্যিই ভাগ্যবান। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। আরও দুটো ম্যাচ সেই মাঠে খেলতে যাচ্ছি। ওখানকার পরিস্থিতি আমরা ভালোভাবে জানি। সেই অনুযায়ী ম্যাচের পরিকল্পনা সাজানো হবে। আপাতত ভারতের ক্রিকেটারদের জন্য ধরে ধরে পরিকল্পনা করা হচ্ছে। দল হিসেবে আমরা এভাবেই কাজ করি।”
বশ জানান, পরিকল্পনা থাকবে সূর্যকুমার যাদবের পুরো দলের প্রত্যেকের জন্য। ভারতের কোনো একজন ক্রিকেটারকে আলাদা করে বেছে নিতে চান না তিনি। তার মতে, প্রত্যেকেরই ক্ষমতা আছে ম্যাচ জেতানোর। তিনি বলেন, “ওদের ব্যাটিং খুব আক্রমণাত্মক। তাই ওদের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে হবে। প্রত্যেক ব্যাটারকে নিয়ে পরিকল্পনা করতে হবে। আলাদা করে কারও নাম বলতে চাই না।”
কাগিসো রাবাডা, লুনগি এনগিডি আর মার্কো জানসেনের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে খেলেন বশ। আমিরশাহির বিপক্ষে তিন উইকেট নিয়ে দলকে জিতিয়েছিলেন। বশ স্বীকার করেন, বিশ্বমানের পেসারদের পাশে খেলায় তার নিজের অনেক উন্নতি হয়েছে। এখন অনেক স্বাধীনতা নিয়ে বল করতে পারেন।
তার কথায়, “অসাধারণ সব জোরে বোলারদের সঙ্গে একই দলে থাকা আলাদা সম্মানের। বিলাসিতার সঙ্গে দায়িত্বও থাকে। আমাদের গোটা বোলিং বিভাগের মান অনেক উঁচুতে। আমরা একে অপরের পাশে থাকি। একটা দল হিসেবে বল করি। আলাদা করে কোনো চাপ নেই।”
