প্রিমিয়ার লিগের মঞ্চে মাঝেমাঝেই নাটকীয়তার কমতি থাকে না। বুধবার রাতে তেমনই এক নাটকের সাক্ষী থাকল মলিনাক্স স্টেডিয়াম। যেখানে টেবিলের তলানিতে থাকা উলভসের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখেও শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো আর্সেনালকে।
প্রথমার্ধেই নিজেদের শক্তি বুঝিয়ে দেন আর্সেনাল তারকারা। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ডেক্লান রাইসের দুর্দান্ত এক ক্রস থেকে হেড করে দলকে এগিয়ে দেন বুকায়ো সাকা। এরপর আর কোনো গোল না হলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় মিকেল আর্তেতার শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে এসে মনে হলো, আর্সেনাল হয়তো আরও বড় জয়ের পথে হাঁটছে। ৫৬তম মিনিটে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের থ্রু বল ধরে বল জালে পাঠান পিয়েরো হিনকাপিয়ে। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-০। তখন সাধারণ দর্শকদের ধারণা ছিল, পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের জন্য এটি হবে হাঁটতে হাঁটতে পাওয়া এক সহজ জয়।
কিন্তু ফুটবলের নিয়মই আলাদা!
৬১তম মিনিটে এসে নাটকের সূত্রপাত। উলভসের হয়ে প্রথম গোলটি করেন হুগো বুয়েনো। তাতে কিছুটা চাপে পড়ে আর্সেনাল। এরপর ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আর্সেনাল শিবিরে নেমে আসে হতাশার কালো মেঘ। গ্যাব্রিয়েল ও রায়ার ভুলে উলভসকে সমতায় ফেরান এডোজি। ফলে ২-০ ব্যবধানের লিড গলে শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় গানারাদের।
এই ড্রয়ের পরও ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে আর্সেনাল। তবে পয়েন্ট হারানোয় শিরোপা সমীকরণ কিছুটা জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ম্যানচেস্টার সিটি।
তবে উলভসের জন্য এই ড্র যেন স্বস্তির বার্তা। টেবিলের সবচেয়ে নিচে থাকা দলটি ২৭ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে এখনও হতাশায় ডুবছে। কিন্তু আর্সেনালের বিপক্ষে এই লড়াই তাদের মনে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলে ধারণা সমর্থকদের।