প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তিন সন্তান। কনিষ্ঠ সন্তান জন্মের মাত্র পাঁচ মাস পরেই প্রথম স্ত্রীকে ডিভোর্স। বিবাহবিচ্ছেদের মাস দুয়েকের মধ্যেই দ্বিতীয় নিকাহ। পাকিস্তানের সাবেক স্পিনার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে এসব অভিযোগ আগে থেকেই ছিল। এবার আরও বিস্ফোরক অভিযোগ এনে দিলেন তার প্রথম স্ত্রী সানিয়া আশফাক। তিনি ইমাদকে সরাসরি ‘খুনি’ বলে তকমা দিয়েছেন।

দিন কয়েক আগে দ্বিতীয় বিয়ে সেরেছেন ইমাদ। তারপরেই ইনস্টাগ্রামে লম্বা পোস্ট আর ভিডিও বার্তা দেন সানিয়া। ভিডিওতে তিনি বলেন, “২০২৩ সালের ডিসেম্বরে আমার গর্ভপাত হয়। ইমাদ জোর করে আমার গর্ভের সন্তানকে খুন করেছে। ও একজন খুনি। আমার কাছে তার প্রমাণস্বরূপ ভিডিও আছে। ইমাদ দিনের পর দিন আমাকে ঠকিয়েছে।”

সানিয়ার কথায়, জোর করে গর্ভপাতের পর তিনি প্রতিবাদ করতে চেয়েছিলেন। কিন্তু তখনও ইমাদ জোর করে তাকে চুপ করিয়ে দেন। ভিডিওতে তিনি আরও বলেন, “এখন অনেক সাহস সংগ্রহ করে এই ভিডিও বানাচ্ছি। কারণ আমার তিন সন্তানের জন্য সুবিচার চাই।”
তিন সন্তানের মা সানিয়া পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির কাছে আবেদন করেছেন—ইমাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিন। তিনি বলেন, “আমি প্রতিশোধ চাই না। স্রেফ সম্মানটুকু চাই।”
আসন্ন পিএসএলে ইমাদকে ২.২ কোটি পাকিস্তানি টাকায় কিনেছে ইসলামাবাদ ইউনাইটেড। সেই দলকে বয়কট করার ডাকও দিয়েছেন সানিয়া। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি।

ইমাদের দ্বিতীয় নিকাহর ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে তুলোধোনা করেছিলেন সানিয়া। প্রসঙ্গত, গত বছর জুলাই মাস নাগাদ জানা যায়, সুন্দরী ইনফ্লুয়েন্সার নাইলা রাজার প্রেমে পড়েছেন পাক তারকা। তৃতীয় সন্তান কোলে আসার পরেই পরকীয়ায় জড়ান ইমাদ। শোনা যায়, ডিভোর্সের আগে থেকেই সুন্দরী ইনফ্লুয়েন্সার নাইলা রাজার সঙ্গে থাকতেন তিনি।
তারপর একপ্রকার জোর করেই বিবাহবিচ্ছেদ দাবি করেন ইমাদ। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাস দুয়েকের মধ্যেই ফের বিয়ে সেরেছেন। স্পষ্ট করে বলেছেন, সানিয়ার সঙ্গে প্রথম বিয়েটা তার জীবনের অত্যন্ত যন্ত্রণার অধ্যায় ছিল।

Wasim, Sania Ashfaq Instagram post, Imad Wasim third child divorce, Pakistan cricket personal life scandal

news