টুইটার নিয়ে বিড়ম্বনায় ইলন মাস্ক
টুইটার কেনার বছরও হয়নি ইলন মাস্কের। এর মধ্যেই এটি নিয়ে বেশ বিরক্ত তিনি। বললেন, এই সংস্থা চালাতে তিনি প্রচণ্ড সমস্যায় পড়ছেন। সঠিক ক্রেতা পেলে টুইটার বিক্রি করে দিতেও দুবার ভাববেন না। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইলন মাস্ক।
২০২২ সালের অক্টোবর মাসে বিশাল অঙ্কের বিনিময়ে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপরই প্রায় ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করেন। কেন গণছাঁটাই সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেন, টুইটারের যা তহবিল ছিল, তাতে টেনেটুনে মাত্র চার মাস চলতে পারত সংস্থাটি। কর্মী ছাঁটাই করে অন্তত ৩০০ কোটি ডলার সাশ্রয় হয়েছে। তবে আগের থেকে ভালো পরিস্থিতিতে রয়েছে টুইটার।
ব্যবসায়িক দিকে টুইটারকে সফল করতে দিনরাত পরিশ্রম করতে হয়েছে বলেই দাবি করেছেন মাস্ক। সাক্ষাৎকারে তিনি বলেন, এমনও হয়েছে আমি কাজ করতে করতে অফিসেই ঘুমিয়ে পড়েছি। টুইটার কেনার পর মনে হয়েছিল রোলার কোস্টারে উঠেছি। প্রচণ্ড চাপের মধ্যে কাজ চালিয়ে যেতে হয়েছে। পুরো সময়টা খুবই যন্ত্রণাদায়ক।
তবে বিশ্বের ধনীতম ব্যক্তি এখনও মনে করেন, টুইটার কেনার সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল। যদিও সঠিক ক্রেতা পেলে হয়তো এই সংস্থা বিক্রি করে দিতে পারেন তিনি।
কয়েকদিন আগেই টুইটারের নাম থেকে ‘ডব্লিউ’ অক্ষরটি মুছে ফেলেন মাস্ক। সেখান থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি মাইক্রোব্লগিং সাইটের নাম বদলে যাচ্ছে? সরাসরি এই প্রশ্নের জবাব দেননি মাস্ক। তবে আগামী দিনে টুইটারে নানা বদল দেখা যাবে, সেরকমই আভাস দিয়ে রেখেছেন।
এনবিএস/ওডে/সি