ইন্টারনেট বন্ধে শীর্ষে  ইরান ও ভারত

সম্প্রতি লিথুনিয়া ভিত্তিক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কোম্পানি সার্ফশার্ক ইন্টারনেট বিচ্ছিন্নকারী দেশগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এবছরের প্রথমার্ধের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা এই তালিকায় ১৪ বার ইন্টারনেট বন্ধ করে সবার ওপরে রয়েছে ইরান এবং ৯ বার বন্ধ করে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। 

এই ইন্টারনেট বন্ধ করার ঘটনাগুলো ঘটেছে যেসব দেশে আন্দোলন চলমান ছিলো। এই সময়ে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রামসহ ইউটিউব পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।

এই সময়ে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি ব্যানের শিকার হয়েছে ফেইসবুক। ইথিওপিয়া, গিনি, সেনেগাল, পাকিস্তান ও সুরিনামে অন্তত একবার হলেও নিষিদ্ধ হয়েছে মার্ক জুকারবার্গের এই প্রতিষ্ঠান।

গত বছরের প্রথমার্ধের থেকে এ বছরের প্রথমার্ধে ইন্টারনেট ব্যান ৩১ শতাংশ কমলেও নিষিদ্ধকারী দেশের সংখ্যা ১৩ থেকে হয়েছে ১৪।

অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে এশিয়ায়। মোট ব্যানের ৭১ শতাংশ ব্যান হয়েছে এই অঞ্চলে।

 ইরান ও ভারতের পর ৩ বার ইন্টারনেট বন্ধ করে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনিয়মতান্ত্রিকভাবে গ্রেপ্তারের পর বিক্ষোভের সময় এই ব্যান কার্যকর করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads