২৩ আগস্ট চাঁদে অবতরণ করতে যাচ্ছে ভারতের বিক্রম
সোমবার চাঁদের মাটি থেকে মাত্র ২৫ কিলোমিটার উপরে রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র ল্যান্ডার বিক্রম। ইসরো সূত্রের খবর, সোমবার রাত পর্যন্ত বিক্রমের গতিবিধি স্বাভাবিক রয়েছে।
বুধবার সন্ধ্যায় চন্দ্রযান-৩ এর সৌরচালিত ল্যান্ডারটি পাখির পালকের মতো ভাসতে ভাসতে চাঁদের মাটি ছোঁয়ার কথা। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সফ্ট ল্যান্ডিং। গোটা দেশ এখন সেই অবতরণের দিকে তাকিয়ে রয়েছে।
পূর্ব পরিকল্পনামাফিক, বুধবার চাঁদের দক্ষিণ মেরুর কাছে নামবে বিক্রম। তার পরে তার পেটে থাকা রোবট গাড়ি, ‘প্রজ্ঞান’ বেরিয়ে আসবে। অবতরণ সফল হলে ভারতই প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে।
দক্ষিণ মেরুতে পৌঁছনোর ব্যাপারে ভারতের সঙ্গে টক্করে ছিল রাশিয়া। সোমবারই রুশ চন্দ্রযানের (লুনা-২৫) চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মুখ থুবড়ে চাঁদের মাটিতে আছড়ে পড়েছে রাশিয়ার লুনা।
মহাকাশবিজ্ঞানীদের মতে, পাখির পালকের মতো অবতরণ (সফট ল্যান্ডিং) খুবই জটিল প্রক্রিয়া। সামান্য হিসাবের ভুলচুকে অভিযান ব্যর্থ হয়ে যেতে পারে। তাই আগের অভিযান থেকে শিক্ষা নিয়ে এ বার ল্যান্ডারের গঠন বদলেছে ইসরো। নিরাপদে অবতরণের উপযোগী প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। তাই এ বার অভিযান সফল হওয়ার ব্যাপারে অনেকেই আশাবাদী।
অবতরণের সময় যা ঘটবে: ক) প্রথম ধাপে বিক্রমকে ৭.৪ কিলোমিটার উচ্চতায় নামিয়ে আনা হবে। এই সময়ে ল্যান্ডারের গতি থাকবে সেকেন্ডে ৩৫৮ মিটার। এতে সময় লাগবে সাড়ে ১১ মিনিট। খ) এর পরের গন্তব্য চাঁদ থেকে ৬.৮ কিলোমিটার উচ্চতা। এই ধাপে বিক্রমের গতি আরও কমিয়ে আনা হবে। তখন তার গতি হবে সেকেন্ডে ৩৩৬ মিটার। গ) এর পর চাঁদ থেকে বিক্রমের উচ্চতা কমে হবে ৮০০ মিটার। তখন তার গতি আরও কিছুটা কমানো হবে। এই পর্যায়ে লেজার রশ্মির ব্যবহার করবে ল্যান্ডার। ঘ) চাঁদের মাটিতে লেজার রশ্মি ফেলে সেন্সরের মাধ্যমে অবতরণের জন্য উপযুক্ত ভূমি খুঁজবে বিক্রম। তার পর ধীরে ধীরে উচ্চতা আরও কমানো হবে। ঙ) ৮০০ থেকে ১৫০ মিটার উচ্চতায় নামার পথে বিক্রমের গতি থাকবে সেকেন্ডে ৬০ মিটার। তার পর ১৫০ থেকে ৬০ মিটারে নামার সময়ে এই গতি হবে ৪০ মিটার প্রতি সেকেন্ড। চ) ৬০ থেকে ১০ মিটারে নামতে গিয়ে বিক্রমের গতি থাকবে ১০ মিটার প্রতি সেকেন্ড। এর পর চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করবে ল্যান্ডারটি। শেষ মূহূর্তে তার বেগ হবে সেকেন্ডে ১.৬৮ মিটার। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি