আপনার ফোনে ফুল সিগন্যাল, ৫জি দারুণ চলছে। ঠিক তখনই আসে একটা এসএমএস—‘ব্যাংক কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে’ অথবা ‘বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ কেটে দেওয়া হবে’। মেসেজটা এতটাই অফিসিয়াল লাগে যে সন্দেহ করার কোনো কারণই মনে হয় না। কিন্তু আসল খবরটা হলো—আপনার ফোনকে পাশের একটা ভুয়া মোবাইল টাওয়ার জোর করে টু-জি নেটওয়ার্কে নামিয়ে দিয়েছে। আর সেই সুযোগেই প্রতারকরা পাঠাচ্ছে ফাঁদ পাতা এসএমএস!

প্রযুক্তির এই নতুন কৌশলে এখন দেশজুড়ে বেড়ে চলেছে এসএমএস জালিয়াতি। বয়স্ক মানুষ থেকে শুরু করে স্মার্টফোন ব্যবহারকারী সবাই এখন টার্গেট। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এখনই বাড়তি সতর্ক না হলে বড় ক্ষতির মুখে পড়তে পারেন যে কেউ।
কীভাবে কাজ করে এই নতুন ফাঁদ?
প্রতারকরা ব্যবহার করছে ছোট, বহনযোগ্য একটা যন্ত্র—এসএমএস ব্লাস্টার বা আইএমএসআই ক্যাচার। এটা নিজেকে আসল মোবাইল টাওয়ার বলে পরিচয় দেয়। যখন এটা চালু করা হয়, তখন এটি খুব শক্তিশালী সিগন্যাল ছড়িয়ে ৫০০ মিটারের মধ্যে থাকা সব ফোনকে নিজের নেটওয়ার্কে টেনে নেয়। আপনি টেরও পাবেন না, ফোন হঠাৎ ৫জি বা ৪জি থেকে নেমে যাবে টু-জিতে।

টু-জি নেটওয়ার্ক তুলনায় কম নিরাপদ। এখানে প্রেরকের নাম ভুয়া বানানো খুব সহজ। তাই মেসেজ দেখতে একদম আসল মনে হয়—যেমন SBI-SEC, HDFC-Bank, Income-Tax ইত্যাদি।
কী ধরনের মেসেজ পাঠানো হয়?
ভুয়া টাওয়ার থেকে সাধারণত এমন মেসেজ আসে যা আতঙ্ক বা লোভ তৈরি করে—

ব্যাংক অ্যাকাউন্ট বা কেওয়াইসি মেয়াদ শেষের সতর্কতা
বিদ্যুৎ/গ্যাস সংযোগ কাটার হুমকি
কুরিয়ার আটকে আছে বলে দাবি
হাজার টাকার রিওয়ার্ড পয়েন্ট শেষ হয়ে যাচ্ছে
প্রতিদিন মোটা আয়ের পার্ট-টাইম কাজের প্রলোভন

একবার লিংকে ক্লিক করলেই বিপদ! ব্যাংক তথ্য, ওটিপি সব চুরি হয়ে যায়। মুহূর্তেই অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে।
সাম্প্রতিক খবর অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দিল্লি, নয়ডা ও চণ্ডীগড়ে সিবিআই অভিযান চালিয়ে এমন একটা বড় চক্র ধরেছে, যারা প্রতিদিন লাখ লাখ ভুয়া মেসেজ পাঠাচ্ছিল। ২০২৬ সালের জানুয়ারিতে সাইবারাবাদ পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিদেশি চক্রের সঙ্গে মিলে ভিড় এলাকায় এসএমএস ব্লাস্টার ব্যবহার করছিল। ইন্ডিয়া টিভির রিপোর্ট বলছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে টেলিকম-সম্পর্কিত সাইবার জালিয়াতি প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। শুধু ২০২৫ সালেই ভারতীয়রা হারিয়েছে ৩০ হাজার কোটি রুপির বেশি।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ—

ফোনের সেটিংসে গিয়ে টু-জি কানেক্টিভিটি বন্ধ করে রাখুন
এসএমএসে আসা কোনো অচেনা লিংকে ক্লিক করবেন না
ব্যাংক বা সরকারি কাজের জন্য শুধু অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন
হঠাৎ ফোন ৫জি/৪জি থেকে টু-জিতে নেমে গেলে সঙ্গে সঙ্গে সতর্ক হোন—এটা বড় লক্ষণ

প্রতারকরা এখন প্রযুক্তিকেই অস্ত্র বানিয়েছে। আপনার ফোনই তাদের লক্ষ্য। একটু সচেতনতা আর ধৈর্য রাখলেই বড় ক্ষতি থেকে বাঁচা যাবে। নিজেকে আর পরিবারকে সুরক্ষিত রাখুন!

 

news