২০২৫ সালে ২৫০ এয়ার ট্যাক্সি তৈরির লক্ষ্য আর্চারের
২০২৫ সালে প্রায় ২৫০টি বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি তৈরির পরিকল্পনা করেছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আর্চার এভিয়েশন। এছাড়া পরবর্তী বছরগুলোয় উৎপাদন আরো বাড়ানোর লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির। ২০২৪ সালের শেষ নাগাদ এয়ারক্রাফটটি অনুমোদন পাবে বলে আশা করছে সংস্থাটি। অনুমোদন পেলে লক্ষ্যমাত্রা অনুসারে উৎপাদন শুরু করবে আর্চার।
রয়টার্সকে দেয়া সাক্ষাত্কারে আর্চার এভিয়েশনের নির্বাহী প্রধান অ্যাডাম গোল্ডস্টেইন বলেন, প্রথম বছর ২০২৫ সালে আমরা ২৫০টি উড়োজাহাজ তৈরি করব। এছাড়া দ্বিতীয় বছরে ৫০০টি, তৃতীয় বছরে ৬৫০টি এবং পরবর্তী সময়ে বার্ষিক এয়ার ট্যাক্সি উৎপাদন প্রায় দুই হাজার ইউনিটে উন্নীত করা হবে।
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এখনো এ নতুন প্রযুক্তির উড়োজাহাজগুলো অনুমোদনের নিয়মকানুন তৈরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে আর্চার এভিয়েশন পাইলট-প্লাস-ফোর-প্যাসেঞ্জার ‘মিডনাইট’ এয়ার ট্যাক্সিটি ২০২৪ সালের মধ্যে অনুমোদনের আশা করছে।
চলতি বছর এখন পর্যন্ত আর্চার এভিয়েশনের শেয়ারদর ৫৪ শতাংশ কমেছে। তবে ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপটির বিদ্যুচ্চালিত ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ইভিটল) করতে সক্ষম উড়োজাহাজটি একবার অনুমোদিত হলে জোবি এভিয়েশন ও ভার্টিক্যাল অ্যারোস্পেসসহ কয়েক ডজন প্রতিষ্ঠানের জনাকীর্ণ বাজারে প্রতিযোগিতা শুরু করবে।
টয়োটা মোটর করপোরেশন ও ডেল্টা এয়ারলাইনসের মতো বড় শিল্পপ্রতিষ্ঠানের সমর্থিত উদীয়মান খাতটি এখনো অনুমোদন, উপযুক্ত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ও ব্যাটারি প্রযুক্তির উন্নতি সম্পর্কিত উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি। মে মাসে এফএএ জানিয়েছিল, এয়ার ট্যাক্সিগুলোকে অনুমোদন দেয়ার জন্য তারা রেগুলেটরি পদ্ধতির পরিবর্তন করেছে। নতুন এই এয়ারক্রাফটকে ছোট উড়োজাহাজের পরিবর্তে পাওয়ার্ড-লিফট এয়ারক্রাফট হিসেবে সংজ্ঞায়িত করা হবে।
অ্যাডাম গোল্ডস্টেইন আশা করেন, শিল্পটি বার্ষিক ভিত্তিতে এক হাজার ইউনিট এয়ার ট্যাক্সির চাহিদা দেখতে পারে।