ফেসবুক, টুইটার, টিকটকের জন্য কড়া নিয়ম চালু করছে ইইউ
বেআইনি কনটেন্ট অপসারণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর জন্য কড়া নিয়ম চালু করছে। টিকটক, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামকে ইইউ এর কনটেন্ট ফেডারেশনের আইন ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ আইনের অধীনে কড়া নিয়ম মেনে চলতে হবে। এ ক্ষেত্রে কোনো ত্রুটি থাকলে বার্ষিক আয় থেকে জরিমানা দিতে হবে প্ল্যাটফর্মগুলোকে। গত শুক্রবার ইইউ এ ঘোষণা দিয়েছে।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীন কতজন ইউরোপীয় অনলাইন প্ল্যাটফর্ম সেবা ব্যবহার করে, তা জানানোর জন্য গত শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময় ছিল। যেসব প্ল্যাটফর্ম ও সার্চ ইঞ্জিনে ৪ কোটি ৫০ লাখের বেশি ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারী রয়েছেন, তাদের ডিজিটাল সার্ভিস অ্যাক্টের এই নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে রয়েছে, বেআইনি বিষয়বস্তু দ্রুত অপসারণ করা, বিভ্রান্তিমূলক কনটেন্ট সীমিত করা এবং ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে শিশু-কিশোরদের আরও ভালোভাবে সুরক্ষা দেওয়া।
ইউরোপীয় কমিশনের তদন্তে বড় অনলাইন প্ল্যাটফর্মগুলোর যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তবে কমিশন এই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক বৈশ্বিক রাজস্বের ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করতে পারবে। প্রতিষ্ঠানগুলোর অ্যালগরিদম এবং প্ল্যাটফর্মগুলো কতটা বিপজ্জনক, তা তদারকির দায়িত্বে থাকবে বাইরের প্রতিষ্ঠান। অনলাইন প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কিছু আধেয় পরীক্ষা করতে পারবেন গবেষকেরা।
এনবিএস/ওডে/সি