এবার অফিসে ডেস্ক ভাগাভাগি করবেন গুগলকর্মীরা

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট সম্প্রতি ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পর প্রতিষ্ঠানটি তাদের অফিসের জায়গাও কমিয়ে দিয়েছে। এ কারণে কর্মীদের ডেস্ক ভাগাভাগি করে কাজ করতে হবে। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগল অভ্যন্তরীণ এক নোটিশে কর্মীদের জানিয়েছে, গুগল ক্লাউড বিভাগের কর্মীদের আগামী তিন মাসের মধ্যে ডেস্ক ভাগাভাগির মাধ্যমে কাজ করতে হবে। নোটিশটি সিএনবিসির নজরেও এসেছে।

নোটিশে বলা হয়েছে, কর্মীদের মধ্যে ডেস্ক ভাগাভাগির মডেলটি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কির্কল্যান্ড ও ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো, সিয়াটেল ও সানিভেলে অবস্থিত গুগল ক্লাউড অফিসের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। এ কারণে কিছু ভবন খালি করে ফেলা হবে।

নোটিশে আরও বলা হয়েছে, ‘বেশির ভাগ গুগলাররা এখন অন্য একজন গুগলারের সঙ্গে একটি ডেস্ক ভাগাভাগির মাধ্যমে কাজ করবেন। একই দিনে একই ডেস্কে যেন কাজ না করতে হয়, সে কারণে কর্মীরা বিকল্প দিনে আসবেন। এই ম্যাচিং প্রক্রিয়ার মাধ্যমে তারা একটি মৌলিক ডেস্ক সেটআপে সম্মত হবেন। ভাগাভাগির নতুন এই পরিবেশে ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য ডেস্কের অংশীদার ও টিমের জন্য নিয়মও চালু করা হবে।’ কোনো কর্মী অনির্ধারিত দিনে অফিসে আসার প্রয়োজন হলে তাদের ‘ওভারফ্লো ড্রপ-ইন স্পেসে’ রাখা হবে।

গুগলের একজন মুখপাত্র বলেন, ‘অফিসে সশরীর ফিরে আসার পর থেকে আমরা বিভিন্ন হাইব্রিড কাজের মডেল পেতে পাইলট প্রকল্প চালাচ্ছি এবং ক্লাউড বিভাগের কর্মীদের নিয়ে সমীক্ষা চালিয়েছি। আমাদের তথ্য বলছে, ক্লাউড কর্মীরা যখন অফিসে থাকেন, তখন তারা ব্যক্তিগতভাবে সহযোগিতা নিশ্চিত করেন। এ ছাড়া প্রতি অফিসে সপ্তাহে কয়েক দিন বাড়ি থেকে কাজ করারও বিকল্প থাকছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads