প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, "আমরা রাজনীতি করি দেশের স্বার্থে, বিভক্তির জন্য নয়। ঐক্যই আমাদের মূল উদ্দেশ্য।" সোমবার (২ জুন) রাজধানীর বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার সূচনায় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, প্রথম পর্বের আলোচনায় একটি সাধারণ ঐক্যমত্য গঠিত হয়েছে যে জুলাই মাসে একটি ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নিয়েছে, যা আমাদের আশাবাদী করেছে।”
তিনি আরও বলেন, দ্বিতীয় পর্বের আলোচনায় এমন বিষয়গুলো উঠে আসবে যেগুলোতে এখনো পূর্ণ ঐকমত্য হয়নি, তবে আমরা একে অপরের কাছাকাছি অবস্থানে আছি। এ আলোচনা সফল হলে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ‘জুলাই সনদ’ তৈরি সম্ভব হবে।
তিনি স্মরণ করিয়ে দেন, “জুলাই বিপ্লবের পর আমাদের সংস্কার প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। ছয়টি কমিশন গঠন করে ৯০ দিনের মধ্যে তারা প্রাথমিক কাজ শেষ করেছে, কিছু কমিশন অতিরিক্ত সময় নিলেও এটি সমস্যা নয়।”
প্রফেসর আলী রীয়াজ ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ড. ইউনূস বলেন, “আমি ভেবেছিলাম কেউ হয়তো পাশ কাটিয়ে যাবে, কিন্তু সবাই আন্তরিকভাবে অংশ নিয়েছেন এবং নিজেদের মধ্যেও আলোচনা করেছেন।”
তিনি আরও বলেন, “প্রথম পর্বে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো ও দ্বিতীয় পর্বে সমঝোতার বিষয়গুলো মিলিয়ে আমরা একটি কার্যকর জুলাই সনদ প্রকাশ করতে চাই। এতে জাতি হিসেবে আমাদের গর্ব হবে এবং রাজনীতি হবে সত্যিকার অর্থে জাতীয় ঐক্যের মাধ্যম।