রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশের এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং কিছুক্ষণ পরই মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা একজনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।
সরেজমিনে জানা গেছে, বিমানটি ছিল একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনী পরিচালনা করে। স্কোয়াডন লিডার তৌকির বিমানটি চালাচ্ছিলেন, তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে চারদিকে ছুটোছুটি করতে থাকেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং তিনি সরেজমিনে যাচ্ছেন বিষয়টি যাচাই করতে।
ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইএসপিআর সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনার তদন্তে একটি বিশেষ দল কাজ শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের সতর্কভাবে চলাফেরা করার অনুরোধ জানানো হয়েছে।