রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হোস্টেল ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৭ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে বেশিরভাগই ওই কলেজের শিক্ষার্থী। সবারই অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করে আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনায় পড়ে। বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন কলেজের ‘হায়দার হল’ নামক ভবনে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং সঙ্গে সঙ্গে আগুনের শিখা দেখা যায়। ঘটনাস্থলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করে।

একাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, “আমি ক্লাস শেষ করে বের হই। দেখি ক্যান্টিনের সামনে বিকট শব্দ, এরপর আগুন ধরে যায়।”

ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে। দগ্ধদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Walton Ads