ঢালিউডের জনপ্রিয় দৃশ্যের মতো—নায়করা একসঙ্গে খলনায়ককে ধরে ফেলেছে! তবে এবার এটি কোনো সিনেমার শুটিং নয়, বরং বাস্তবের এক মজার মুহূর্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, খ্যাতনামা খল অভিনেতা আহমেদ শরীফকে চারদিক থেকে ঘিরেছেন চার জনপ্রিয় নায়ক—আমিন খান, জায়েদ খান, আলেকজান্ডার বো, মামুনুন ইমন। ছবিটি যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের মতো, যেখানে খলনায়ক ধরা পড়েছেন নায়কদের হাতে।
ছবিটি পোস্ট করেছেন জায়েদ খান। ক্যাপশনে তিনি লিখেছেন,
“ছবির শেষ দৃশ্য।”
দীর্ঘদিন পর প্রবাসে এক ফ্রেমে দেখা মিলল ঢালিউডের এই পাঁচ তারকার। জানা গেছে, বর্তমানে জায়েদ খান নিউ ইয়র্কে অবস্থান করছেন, সেখানে কিছুদিন আগে গিয়েছেন আলেকজান্ডার বো ও আমিন খান, সম্প্রতি যোগ দিয়েছেন মামুনুন ইমন। আর আহমেদ শরীফ তো আগেই যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা।
একই শহরে অবস্থান করায় অভিনেতাদের এই মিলন আয়োজন করেন জায়েদ খান। নিউ ইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে ছোট্ট আড্ডার আয়োজন করা হয়, যেখানে একত্রিত হন ঢাকাই চলচ্চিত্রের পাঁচ তারকা।
জায়েদ খান বলেন,
“আমরা মেলরোজে দেখা করার পরিকল্পনা করি, সেখানে আমিন খান ভাই, আলেকজান্ডার বো ভাই ও ইমন আসেন। একই সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফও উপস্থিত ছিলেন। নানা গল্পে মেতে উঠি—চলচ্চিত্রের রঙিন দিনের স্মৃতিতে ফিরে যাই। দেশের বাইরে খুব সুন্দর একটা সময় কাটল।”
আড্ডার মুহূর্ত সম্পর্কে জায়েদ খান আরও বলেন,
“আমাদের আলাপচারিতায় সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল আহমেদ শরীফ ভাই আর আমিন খান ভাইয়ের একসঙ্গে করা সিনেমাগুলো নিয়ে। শেষ মুহূর্তে ভাবলাম, একটি মজার ছবি তুলি—যেখানে নায়করা খলনায়ককে ধরছে। শরীফ ভাই রাজি হলেন, আর আমরা ছবিটি তুলে ফেললাম।”
ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঢালিউডের ভক্তরা মজার প্রতিক্রিয়ায় মেতে উঠেছেন।