গত বছরের নভেম্বরে বলিউডের চর্চিত দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘর আলো করে আসে এক পুত্রসন্তান। কিন্তু মা হওয়ার পর থেকে দূরবীন দিয়ে খুঁজলেও ক্যামেরার সামনে দেখা যাচ্ছিল না ক্যাটরিনাকে। তবে সেই অপেক্ষার প্রায় শেষ। অবশেষে ভিকির হাত ধরে আবারও ঝলমলে আলোর সামনে হাজির হলেন সুপারস্টার অভিনেত্রী!

সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ভিকি-ক্যাটরিনা। ভিকি পরনে বাদামি রঙের জ্যাকেট, ক্যাজুয়াল লুক। আর ক্যাটরিনাকে দেখা গেছে কালো রঙের স্টাইলিশ ওভারকোট পরে। তবে সবচেয়ে বেশি চোখ কাড়ে তাঁর চেহারা – মা হওয়ার পর যেন এক নতুন আভা! ফিটনেস আর স্নিগ্ধতা দেখে নেটিজেনরা তো প্রশংসায় ভাসছেন।

এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ লাগছে! দেখেই বোঝার উপায় নেই যে তিনি নতুন মা হয়েছেন।’ আরেকজন তো সরাসরি লিখে ফেলেছেন, ‘সবচেয়ে সুন্দর বাবা-মা!’ প্রকৃতপক্ষে, মা হওয়ার আগের যাত্রাটি দম্পতি নিজেদের মতো করেই ব্যক্তিগতভাবে উপভোগ করেছেন।

মজার ব্যাপার হলো, ২০২৫ সালের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তার মাধ্যমে ক্যাটরিনার গর্ভাবস্থার ঘোষণা দেন তাঁরা। লিখেছিলেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমরা জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি।’

এদিকে বাবা হওয়ার অনুভূতি নিয়ে এবার মুখ খুলেছেন ভিকিও। সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-র একটি অনুষ্ঠানে নেহা ধুপিয়া প্রশ্ন করেন – নতুন বাবা হওয়ার অভিজ্ঞতা কেমন? হাসতে হাসতে ভিকি জানান, ‘আমার ছেলের বয়স মাত্র তিন মাস। এই বয়সে বাবার করার মতো খুব বেশি কিছু থাকে না। এখন শুধু উৎসাহ দিচ্ছি আর অপেক্ষায় আছি – ও একটু বড় হোক, যাতে ওর বেড়ে ওঠায় আরও বেশি করে অবদান রাখতে পারি!’

 

news