নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানী সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে গোপন আঁতাতের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এই আঁতাতের মূল লক্ষ্য নভেম্বরের মেয়র নির্বাচনে তাকে হারানো।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে মামদানী লিখেছেন, “আজ আমরা জেনেছি, অ্যান্ড্রু কুয়োমো সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করছেন—যে ট্রাম্প তার মুখোশধারী এজেন্ট পাঠিয়ে আমাদের প্রতিবেশীদের রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং নিউ ইয়র্কবাসীর ভরসা করা সামাজিক সেবা কেটে দিচ্ছেন।” তার ভাষায়, এটি “অযোগ্যতার প্রমাণ” এবং “আমাদের শহরের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

গোপন বৈঠকের অভিযোগ
নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আটটি আলাদা সূত্র নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন, কীভাবে নির্বাচনে হস্তক্ষেপ করলে মামদানীর জয়ের সম্ভাবনা নষ্ট করা যায়। প্রতিবেদনে আরও উল্লেখ, ট্রাম্প নিউ ইয়র্কের এক রিপাবলিকান কংগ্রেসম্যান ও কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীর কাছে জানতে চেয়েছেন, মামদানীর বিপক্ষে কোন প্রার্থী ডেমোক্র্যাটিক প্রার্থীকে হারাতে সক্ষম।

টাইমস জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ট্রাম্প ও কুয়োমোর মধ্যে ফোনে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে কুয়োমো বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন, “আমি মনে করতে পারছি না শেষবার কবে ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আমি কখনোই তার সঙ্গে মেয়র নির্বাচন নিয়ে কথা বলিনি।”

মামদানীর সরাসরি আক্রমণ
টাইমসের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মামদানী নিজের এক ভিডিও ক্লিপও শেয়ার করেছেন, যেখানে তিনি ট্রাম্প ও কুয়োমোকে একযোগে আক্রমণ করেছেন। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই সদস্যের অভিযোগ—“এটি ডোনাল্ড ট্রাম্প নিজে, যিনি এমন প্রার্থীদের সঙ্গে সরাসরি ষড়যন্ত্র করছেন, যারা জনগণকে রক্ষা করার দায়িত্ব ফেলে দিয়ে, ওয়াশিংটন ডিসির প্রশাসনের সহায়তায় ক্ষমতা দখল করতে চাইছেন।”

ঘটনাটি নিয়ে এখন নিউ ইয়র্কের রাজনৈতিক অঙ্গন সরগরম। মামদানীর সমর্থকরা এই অভিযোগকে নির্বাচন প্রভাবিত করার স্পষ্ট উদাহরণ হিসেবে দেখছেন, অন্যদিকে ট্রাম্প ও কুয়োমোর ঘনিষ্ঠ মহল বলছে—এটি নিছক রাজনৈতিক নাটক।

 

Walton Ads