২০২৪ সালের ৪ জুলাইয়ের গণঅভ্যুত্থনে আহত ও চোখ হারানো চার সাহসী যুবকের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগের প্রতিশ্রুতি অনুযায়ী এই সহায়তা সরাসরি আহতদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল আহতদের দেখতে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
তারা আহতদের সঙ্গে দেখা করে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও সহমর্মিতার বার্তা তাদের হাতে তুলে দেন। এছাড়া হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলেন এবং জানান, তারেক রহমান ব্যক্তিগতভাবে তাদের চিকিৎসা ও পুনর্বাসনে নিবিড়ভাবে মনোযোগ দিচ্ছেন।
এই চার যুবক—শিমুল, মারুফ, সাগর ও আখতার হোসেন (তাহের)—৪ জুলাইয়ের গণআন্দোলনে চোখ হারিয়ে এক প্রতীকী ‘বিষপান’ ঘটনার মাধ্যমে রাষ্ট্রীয় অবহেলার প্রতিবাদ জানিয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসা ও পুনর্বাসনের অপেক্ষায় থেকেও সরকারি সহায়তা না পেয়ে হতাশ ছিলেন তারা।
সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। উপস্থিত ছিলেন ড্যাব ও ছাত্রদলের প্রতিনিধিরাও।
এই সহায়তা শুধু অর্থের নয়, বরং সংকটে মানুষের পাশে দাঁড়ানোর রাজনৈতিক অঙ্গীকারের প্রতিফলন।