ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ছাত্রদলের ভোটার ও মনোনয়নপ্রার্থীদের ভোটাধিকার হরণ করা হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ দাবি করেছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

রিজভী বলেন, “এত রক্তপাতের মাধ্যমে আমরা যে বাংলাদেশ চেয়েছি, সেটা অর্জন করতে হবে। এখনো মানুষ আতংকিত। মব সংস্কৃতি চলছেই। ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনয়ন জমা দিতে না পারায় মব সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে।”

তিনি জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে। জাতি নির্বাচনি রোডম্যাপের অপেক্ষায় রয়েছে।”

রিজভী আরও বলেন, “রাজনৈতিক প্রভাব ও উদ্দেশ্যপ্রণোদিত কারণে যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেগুলো বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করতে হবে। ফ্যাসিবাদের আমলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল, তা ভোট চুরির উদ্দেশ্যেই করা হয়েছিল।”

 

Walton Ads