বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত শুধু হাসিনা ও আওয়ামী লীগকে বন্ধু মনে করে, সাধারণ বাংলাদেশি জনগণকে নয়। তিনি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও মানুষের হত্যা বন্ধ করতে হাসিনাকে দেশে ফিরিয়ে পাঠানো হোক।
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ভারত হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে এবং দেশের জনগণকে বন্ধু মনে করে না।
তিনি বলেন, “হাসিনা ও আওয়ামী লীগই তাদের বন্ধু। ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি স্বৈরাচারী ও গণহত্যাকারী এবং তাঁর বিচার এদেশে চলছে ও হবে।”
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে দুদু এসব কথা বলেন।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণ ও গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই তাকে দ্রুত দেশে ফিরিয়ে বিচার কার্য সম্পন্ন করা হোক।”
ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, “ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ কখনো কারো বশ্যতা স্বীকার করেনি—না ব্রিটিশদের, না পাকিস্তানিদের, না স্বৈরশাসকদের। এই দেশ রক্তের সাগর দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।”
তিনি আরও বলেন, “হাজার বছরের ইতিহাসে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানরা মিলেমিশে বসবাস করছে। কেউ কারো প্রতি হিংসা-বিদ্বেষ রাখে না। অথচ পার্শ্ববর্তী দেশ যখন পানি দরকার তখন দেয় না, প্রয়োজন নেই তখন তিস্তা ব্যারেজ খুলে দেয়। বাংলাদেশের চারপাশের সীমান্ত বন্ধ করে দিয়েছেন যাতে ব্যবসা করা যায় না। তারা শত্রুতা পোষণ করছে।”
নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।