বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নুরের চিকিৎসা দেশের বাইরে করানো হোক।

চিকিৎসকদের সঙ্গে আলাপের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “নুরের অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো খুবই ক্রিটিক্যাল। তার যে জায়গাগুলোতে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত ফ্যাটাল। তার ব্রেইনেও ইনজুরি এবং ব্লিডিং আছে। ডাক্তারদের সঙ্গে আলাপ করে মনে হচ্ছে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।”

তিনি আরও বলেন, “যারাই আঘাত করুক, এটি হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল। এটা একদম স্পষ্ট। অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এমন আক্রমণ চালায়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে, কল্পনা করুন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না।”

মির্জা ফখরুল দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

Walton Ads