বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, দলটির চেয়ারপারসনের ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন। তার ভাষ্যমতে, ফেরার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

শনিবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সারিনায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আমরা বলবো তারেক রহমান সহসাই ফিরবেন। তার বাড়ি, অফিস সব প্রস্তুত। এমনকি দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনাগুলো তার নিজের ও দলের পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং তারেক রহমান যে কোনো সময়ই দেশে ফিরবেন।"

তিনি আরও যোগ করেন, "যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।" সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তিনি দলের অবস্থান ব্যাখ্যা করেন।

জুবাইদা রহমানের রাজনীতিতে আগমন প্রসঙ্গে
ডা. জুবাইদা রহমান (তারেক রহমানের স্ত্রী) এর রাজনীতিতে সরাসরি প্রবেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, "ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি ভালো বলতে পারবেন। তবে আমরা জানি তারেক রহমান বিএনপির নেতৃত্বে আছেন। তিনি দেশে ফিরে নির্বাচনের নেতৃত্ব দেবেন।"

তিনি দৃঢ়ভাবে জানান, "আগামীতে যদি আমরা জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি, তার (তারেক রহমানের) নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।"

খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ যাত্রা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ নেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, "এটা কোনো ইস্যু নয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিশ্চিত হবে। ডাক্তাররা সেই মোতাবেক আলাপ-আলোচনা করছেন। পরিস্থিতি বুঝেই তারা সিদ্ধান্ত নেবেন।"

নির্বাচন ও জোট প্রসঙ্গ
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, "একটি নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তাই যত তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকার ফিরিয়ে আনা যায়, দেশের জন্য ততই মঙ্গল। কারণ, নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।"

তিনি দাবি করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের নেতা-কর্মীরা ভোটের অধিকার নিশ্চিত করতেই এতদিন ধরে বহু ত্যাগ স্বীকার করে এসেছে।

নির্বাচনে আসন বণ্টন ও জোটের মনোনয়ন নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে এই সিনিয়র নেতা বলেন, "নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ-আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ-আলাপ আলোচনা সব সময়ই গণতন্ত্রের অংশ। আলোচনা, সংলাপ চলতে হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান আছে। পুরো জাতি নির্বাচনের দিকে যাচ্ছে।"

তিনি শেষে বলেন, "নির্বাচনে হার অথবা জিত এর মাঝামাঝি কিছু নেই। সুতরাং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের ভেতর ও বাইরে থেকে যাদেরকেই মনোনয়ন দেওয়া হবে সে যাতে জিতে আসতে পারে, দলের ভেতরে এসব বিবেচনা করা হচ্ছে। আমরা চেষ্টা করছি দ্রুত মনোনয়ন প্রক্রিয়া শেষ করতে।"

 

Walton Ads