মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী। এটি ছিল তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের কোনো ধরনের উদ্বেগ নেই বলে স্পষ্ট করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে তিনি জানান, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার নীতিতে বিশ্বাস করে না বেইজিং।
ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন—চীন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট পার্টনার।”
তিনি আরও জানান, বৈঠকে বিএনপির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার রূপরেখা এবং দেশ গড়ার ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে চীন কীভাবে বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে পারে, সেটিও আলোচনায় এসেছে।
এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, “চীন পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তারা তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা গুরুত্বের সঙ্গে দেখছে এবং জনগণের নেতৃত্বে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দেবেন—এমন আশাবাদও ব্যক্ত করেছে।”
