রাজধানীর গ্রিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এসব ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সব রাজনৈতিক দলই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এ ধরনের সহিংস ঘটনার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো একটি জাতীয় দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই তারেক রহমান উত্তরাঞ্চল সফরে শহীদদের কবর জিয়ারত করবেন। এতে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
এ সময় তিনি সবাইকে এ সফর নিয়ে অযথা প্রশ্ন তুলে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান।
