দীর্ঘ প্রায় দুই দশক পর আজ বুধবার সিলেট যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি। বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।
দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে চায় দলটি—এমনটাই জানিয়েছে দলীয় সূত্র।
আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বিশাল নির্বাচনী জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।
সিলেটে পৌঁছেই তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তারেক রহমানের সফর ঘিরে পুরো সিলেটজুড়ে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের ব্যস্ত প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণের পাশাপাশি আধুনিক সাউন্ড সিস্টেম বসানোর কাজও প্রায় শেষ।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ থেকে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশা করছেন।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।
