বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আজ নৌকা নেই, আওয়ামী লীগও নেই। আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে।” তার দাবি, আওয়ামী লীগ ও নৌকা—এই দুই প্রতীককেই দাফন করে দিয়েছেন শেখ হাসিনা নিজেই।
তিনি বলেন, “আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে।” এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত রাজনৈতিক শক্তির নাম বিএনপি।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, বিএনপি ও ধানের শীষই বাংলাদেশকে ধারণ করে এবং এ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করে আসছে। তার কথায়, “বাংলাদেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি, উন্নয়নের আরেক নামও বিএনপি।”
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় তিনি আরও বলেন, “যারা ভারতের গোলামি করেছে, যারা মেইড ইন ইন্ডিয়া—তারা সবাই ভারতে রপ্তানি হয়ে গেছে।”
বাকশালীদের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা এ দেশের মানুষের ওপর দুঃশাসন ও নির্যাতন চালিয়েছে, আর আজ তারা বিলুপ্ত। তিনি বলেন, “যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান, আর যদি বাংলাদেশের প্রতিটি মানুষ এ দেশের মালিক হতে চান, তাহলে ধানের শীষে ভোট দিন।”
তিনি আরও দাবি করেন, বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা, কর্মসূচি ও নীতি রয়েছে, যা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী পক্ষের কোনো পরিকল্পনা নেই বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, “তারা শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
এই পথসভায় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, পিপি অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহছান উল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়সহ বিএনপির সিনিয়র নেতারা।