দীর্ঘ ২২ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ময়মনসিংহে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের অংশ হিসেবে যাবেন রাজশাহীতে।
শনিবার রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থী এবং দলের মহানগর ও জেলা নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল সভায় এই সফরের তারিখ ঘোষণা করেন তারেক রহমান।
তার আগমন উপলক্ষে রোববার বিএনপির ময়মনসিংহ মহানগর শাখা প্রস্তুতি সভা করেছে। মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে নগরীর টাউন হলের 'তারেক স্মৃতি অডিটোরিয়ামে' এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিভাগের বিভিন্ন জেলার ২৪টি আসনের দলীয় প্রার্থীসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিএনপির বেশ কয়েকজন প্রার্থী সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন এবং ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
তারেক রহমানের রাজশাহী সফরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী-২ (মহানগর) আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি জানান, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। রোববার সকাল থেকেই মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং নগরীতে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। সর্বশেষ ২০০৩ সালে দলীয় প্রশিক্ষণে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। এবারের সমাবেশ হবে 'স্মরণকালের সর্ববৃহৎ', যেখানে তিন জেলার কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে দাবি করেন মিনু।
তিনি আরও বিস্তারিত জানান, বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে বিমানযোগে রাজশাহীতে নামবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি মাদ্রাসা মাঠের সমাবেশে যাবেন। রাজশাহীর সমাবেশ শেষে সড়কপথে নওগাঁ যাবেন এবং সন্ধ্যায় নওগাঁ বাইপাসে আরেকটি নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন। এরপর রাতে বগুড়ায় গিয়ে আরও একটি সমাবেশ করবেন। সম্ভাব্য, ওই রাত তিনি বগুড়াতেই কাটাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয় আসনের প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশ নিয়েছিলেন।
বরিশাল সফরে অনিশ্চয়তা: অন্যদিকে, তারেক রহমানের বরিশালের বেলসপার্কে জনসভার তারিখ আবারও পরিবর্তন হয়েছে। একের পর এক তারিখ বদলের কারণে অনিশ্চয়তা দেখা দিলেও দলীয় নেতারা বলছেন, সিডিউল জটিলতার কারণে তারিখ পেছানো হয়েছে, সফর বাতিল হয়নি। নতুন তারিখ কেন্দ্র থেকে জানানো হবে। এর আগে জনসভার দিন প্রথমে ২৬ ও পরে ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, "তারেক রহমান এখন সারা দেশে জনসভা করছেন, তাই সিডিউল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।"